সেই জকসু নেতার পদত্যাগের ঘোষণা

সেই জকসু নেতার পদত্যাগের ঘোষণা

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম।

সোমবার (৪ মে) বিকালে জকসু ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে তা গৃহীত হয়নি বলে জানিয়েছে জকসু ভিপি।

পরে রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, তাকে হেনস্তার দায়ে অভিযুক্ত ছাত্রদল প্যানেলের হল সংসদ প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। তারপরও বিভাগের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে।  

জানা গেছে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ সোমবার তার তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভাইভা পরীক্ষা ছিল। 

নাম প্রকাশ না করার শর্তে তার বিভাগের এক শিক্ষার্থী জানান, আজ নেলী ভাইভায় অংশ নিতে বিভাগে আসেন এবং ভাইভার অ্যাটেনডেন্স শিটে স্বাক্ষর করেন। পরে জকসু নেতৃবৃন্দ গিয়ে অভিযোগ জানান। সবার ভাইভা শেষে নেলীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। 

এ বিষয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ক্রিস্টিন রিচার্ডসনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের শ্রেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সাংবাদিকদের থেকে শুনছি যে, সে পরীক্ষা দিয়েছে। তবে অস্থায়ী বহিষ্কার হলে পরীক্ষা দেওয়াতে বাধা নেই। যদি তদন্ত সাপেক্ষে সে স্থায়ীভাবে বহিষ্কার হয়, তবে তার সবগুলো পরীক্ষা বাতিল হয়ে যাবে।  

জর্জিস আনোয়ার নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, গত কয়েকদিন আগে আমার সঙ্গে যে ঘটনা ঘটে তার কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় দিন পার হচ্ছিল। গতকাল তাকে সাময়িক বহিষ্কার করা হলো, তবে আজকে আমরা দেখলাম তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। হয়তো আমাদেরকে 'আই ওয়াশ' করানোর জন্যই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এজন্য আমি জকসুর ভিপি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছি। তার মাধ্যমে সেটি উপাচার্যের কাছে যাবে। এই ঘটনার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।

উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৮ম ইনডোর গেমসের তৃতীয় দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় দেন জকসুর হল সংসদের ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। এই ঘটনার পর ফেসবুক পোস্টে থাপ্পড় দেওয়ার কথা শিকার করে আবারও ক্রীড়া সম্পাদককে হুমকি দেন তিনি। পরবর্তীতে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।