রাজশাহী আদালত চত্বরে নিরাপত্তা জোরদারের দাবি আইনজীবী সমিতির
প্রতীকী ছবি
রাজশাহীর আদালত চত্বরে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে রাজশাহী আইনজীবী সমিতি। সোমবার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে আদালত চত্বরে বিচারপ্রার্থী সাধারণ মানুষ বহিরাগত সন্ত্রাসী, টাউট, বাটপার ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন। কোথাও অপহরণের পর মুক্তিপণ দাবির মতো ঘটনাও ঘটছে, যা উদ্বেগজনক। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশি টহল জোরদার করা জরুরি।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, সম্প্রতি তারা বিচারপ্রার্থীদের কাছ থেকে একাধিক অভিযোগ পেয়েছেন। ইতিমধ্যে কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এসব কারণে অনেকেই আদালতে আসতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানোর দাবিতে পুলিশের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।