ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

প্রতীকী ছবি।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে অগ্রিম টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে আগামী ১৩ মে থেকে অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট এবং ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একই ধারাবাহিকতায় ১৬ মে বিক্রি হবে ২৬ মের টিকিট এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মের টিকিট।

ফিরতি যাত্রার জন্য ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে মিলবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করতে হবে।

ঈদের ফেরত যাত্রার টিকিট উল্লিখিত তারিখ ছক অনুযায়ী যথারীতি সকাল ৮ ঘটিকা হতে ইস্যু করতে হবে।