চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

ফাইল ছবি

 

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় নুসরাত জাহান (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে চিনকি আস্তানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।  

নিহত নুসরাত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর চাচির সঙ্গে বাড়ি ফিরছিল নুসরাত। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।