ফেনীর ফুলগাজীতে পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী

ফেনীর ফুলগাজীতে পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী

প্রতীকী ছবি

ফেনীর ফুলগাজীতে দাখিল পরীক্ষা না দিয়ে ইমন (২২) নামের এক মাইক্রোবাস চালকের সঙ্গে ফাতেমা আক্তার প্রিয়া (১৫) নামে এক পরীক্ষার্থীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে ইংরেজি পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।

নিখোঁজ প্রিয়া মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থী। তার দাখিল পরীক্ষার কেন্দ্র ছিল আজমেরী বেগম বালিকা উচ্চ বিদ্যালয়।

সে মুন্সিরহাট এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইমন মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইংরেজি পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে প্রিয়া বাড়ি থেকে বের হয়। কিন্তু কেন্দ্রে না গিয়ে সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাইক্রোবাস চালক ইমনের সঙ্গে পালিয়ে যায়।

অনেকক্ষণ তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা কেন্দ্রে যোগাযোগ করলে জানতে পারেন সে পরীক্ষায় অংশ নেয়নি।

প্রিয়ার মামা মোহাম্মদ ইমরান হোসেন জানান, প্রিয়া নাবালিকা হওয়া সত্ত্বেও ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে তারা বিয়ের চেষ্টা চালাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ফেনী মডেল থানা এবং ফুলগাজী থানাকে অবহিত করা হয়েছে।​

এদিকে, প্রিয়াকে দ্রুত উদ্ধারের জন্য তার পরিবার স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত ইমনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফুলগাজী থানা ইনচার্জ এসএম মিজানুর রহমান জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।