খুলনায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগে নতুন করে ১১৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (৫ মে) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২ হাজার ৭৭৬ শিশু। এছাড়া ৯৬ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১৪ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ১ হাজার ৩১ শিশু।
এছাড়া মাগুরায় ৩৪০, যশোরে ৩৬৭ শিশু, খুলনায় ৩২৫, মেহেরপুরে ১৬০, সাতক্ষীরায় ১২২, ঝিনাইদহে ১৫৬, নড়াইলে ১২৩, বাগেরহাটে ৭৩ এবং চুয়াডাঙ্গায় ৭৯ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১১৫ শিশু। আর কুষ্টিয়ায় মারা গেছে এক শিশু। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে কুষ্টিয়ায় ৪৭, খুলনায় ১০, যশোরে ১৮, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ৪, ঝিনাইদহে ৯, মাগুরায় ১২, সাতক্ষীরায় এক, নড়াইলে ৮ ও মেহেরপুরে ৪।