সিরাজগঞ্জে কৃষকের ৫ গরু চুরি, আতঙ্কে খামারিরা

সিরাজগঞ্জে কৃষকের ৫ গরু চুরি, আতঙ্কে খামারিরা

প্রতিকি ছবি

 

কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে গরু চুরির ঘটনা বেড়েছে। সর্বশেষ কামারখন্দ উপজেলায় দুই কৃষকের বাড়ি থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে।

বুধবার ভোররাতে উপজেলার ছোট কুড়া ও নান্দিনা কামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কুড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে তিনটি এবং নান্দিনা কামালিয়া গ্রামের সুবেলের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।

একই রাতে আরও কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। রাত সাড়ে ৩টার দিকে নান্দিনা কামালিয়ার এক কৃষকের বাড়ির গেটের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, কয়েকদিন আগে একটি অটোরিকশা ভ্যানের ব্যাটারি চুরি এবং স্থানীয় বাজারের তিনটি দোকানেও চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

খামারি শেখ সোহেল আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে অনেক খরচ করে গরু লালন-পালন করা হয়েছে। এ অবস্থায় চুরি হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ফলে অনেকেই রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী জানান, চুরি প্রতিরোধে বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে এবং রাতের টহল জোরদার করা হয়েছে।

ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।