মধ্যপ্রাচ্যে মুখোমুখি দুই আরব শক্তি, বাড়ছে উত্তেজনা
ফাইল ছবি
শক্তির ভারসাম্য বদলে যেতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। উত্তপ্ত ভূরাজনীতিতে দীর্ঘদিন ধরে একই কৌশলগত অবস্থানে থাকা দুই আঞ্চলিক শক্তি-সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ঘনিষ্ঠ সম্পর্ক ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিচ্ছে।
তেল উৎপাদন, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত প্রভাব-সব ক্ষেত্রেই নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে দুই দেশ। ওপেক থেকে শুরু করে ইয়েমেন ও সুদানের মতো সংঘাতপূর্ণ ইস্যুতেও এই বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। একসময় যে সম্পর্ককে মধ্যপ্রাচ্যের
স্থিতিশীলতার মূল ভিত্তি হিসাবে দেখা হতো, সেটিই এখন পরিণত হয়েছে নীরব প্রতিযোগিতার ময়দানে। ফলে একসঙ্গে চলার সেই পুরোনো সমীকরণ ভেঙে সৌদি-আমিরাত এখন দাঁড়িয়ে আছে সরাসরি আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে। নিউইয়র্ক টাইমস।
গত সপ্তাহে ওপেকের সদস্যপদ ত্যাগের ঘোষণা দেয় ইউএই। যার প্রভাব শুধু বৈশ্বিক তেল বাজারেই নয়, রাজনৈতিক অঙ্গনেও বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই সিদ্ধান্তকে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের ভাঙনের সর্বশেষ ও সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসাবে দেখছেন বিশ্লেষকরা।
একসময় পারস্য উপসাগরের এই দুই শক্তিশালী দেশকে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসাবে বিবেচনা করা হতো। তবে এখন তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রতিযোগিতা ও বিরোধের দিকে মোড় নিয়েছে।