ফুটবল থেকে পিকে দুই মাসের জন্য বরখাস্ত

ফুটবল থেকে পিকে দুই মাসের জন্য বরখাস্ত

জেরার্ড পিকে

রেফারির সঙ্গে ঝামেলায় জড়ানোর কারণে বার্সেলোনার সাবেক ফুটবলার জেরার্ড পিকেকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই মাসের জন্য বরখাস্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

পিকের রেফারির সঙ্গে ঝামেলায় জড়ানোর ঘটনাটি স্পেনের দ্বিতীয় সারির লিগে এফসি অ্যান্ডোরা ও আলব্যাসেটে ম্যাচে। গত সপ্তাহের এই ম্যাচে অ্যান্ডোরা ১-০ গোলে হেরে যায়। এরপর টানেলে রেফারির সঙ্গে পিকের উত্তেজনা ছড়ায়। ২০২২ সালে ফুটবল থেকে অবসর যাওয়া বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা বর্তমানে অ্যান্ডোরার সহ-মালিক।

রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, পিকে ‘আক্রমণাত্মক ও উদ্ধত’ আচরণে ম্যাচ কর্মকর্তাদের মুখোমুখি হন। কর্তৃপক্ষ মনে করেছে তার আচরণ লিগের ‘ক্রীড়াসুলভ মর্যাদা’ নীতিমালার লঙ্ঘন। শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারির প্রতিবেদনে উল্লেখিত ঘটনার ভিত্তিতে পিকের দুই মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ‘খেলাধুলার মর্যাদা ও শালীনতাকে ক্ষুণ্ন করে এমন প্রকাশ্য ও নিন্দনীয় আচরণের’ কারণে।

ছয় ম্যাচের নিষেধাজ্ঞা রেফারিদের প্রতি ‘সামান্য সহিংস আচরণ’-এর জন্য। এই সংঘর্ষে অ্যান্ডোরার আরও কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। ক্লাব সভাপতি ফেরান ভিলাসেকা চার মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। স্পোর্টিং ডিরেক্টর জমে নগুয়েসকেও নিষিদ্ধ করা হয়েছে।

তবে অ্যান্ডোরা এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে। এরইমধ্যে ক্লাবটি আইনি আপিলের প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, রেফারির প্রতিবেদন ‘বাস্তবতার সঙ্গে মেলে না’ এবং ভিডিও প্রমাণের মাধ্যমে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে চায়।