কক্সবাজারে গতমাসে মৃত্যুবরণ করা ২ শিশুও ছিল হামে আক্রান্ত

কক্সবাজারে গতমাসে মৃত্যুবরণ করা ২ শিশুও ছিল হামে আক্রান্ত

সংগৃহীত

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গত মাসে মারা যাওয়া কক্সবাজারের দুই শিশু তানিশা ও তুবা হামে আক্রান্ত ছিল বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ঢাকা থেকে আসা ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেয়ে এই তথ্য জানিয়েছে তারা।

২ বছর বয়সি তানিশা চকরিয়া উপজেলার মিজানের মেয়ে। গত ১২ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, ১৩ এপ্রিল মারা যায়। ১১ মাস বয়সি তুবা রামু উপজেলার সরওয়ারের মেয়ে, তাকে ভর্তি করা হয়েছিল ১৬ এপ্রিল। মারা যায় ১৮ এপ্রিল।

তাদের নমুনা পরীক্ষার ফল ৫ মে ঢাকা থেকে আসে। পরীক্ষায় তাদের হামে আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

তাদের নিয়ে কক্সবাজারে হামে আক্রান্ত মোট ১৫ জনের মৃত্যু হলো। আগের ১৩ জনের মধ্যে রামু উপজেলায় ৬ জন, কক্সবাজার সদর উপজেলা ২ জন, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ার ১ জন করে।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনসহ জেলার মোট ৭টি হাসপাতালে ভর্তি আছে ১৪৭ জন। কক্সবাজার সদর হাসপাতালে ৮১, চকরিয়ায় ১৫, পেকুয়ায় ৫, উখিয়ায় ১৮, টেকনাফে ১২, রামুতে ৩ এবং মহেশখালীতে ১৩ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৫০০ জন। এর মধ্যে ৩৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। ঢাকা থেকে প্রেরিত নমুনা পরীক্ষায় ১১৯ জনকে হামে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।