সাগর-রুনি হত্যা মামলার রায় ১২৬ বারের মতো পেছাল

সাগর-রুনি হত্যা মামলার রায় ১২৬ বারের মতো পেছাল

সাগর-রুনি হত্যা মামলার রায় ১২৬ বারের মতো পেছাল।। ফাইল ছবি।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ১৮ জুন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বারের মতো পেছাল।

আজ বৃহস্পতিবার ঢাকার ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। তবে আজ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে আদালত ১৮ জুন প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাঁদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।

সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, রফিকুল ইসলাম, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাঁদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর রহমান খান ও পলাশ রুদ্র পাল জামিনে আছেন। অন্যরা কারাগারে আছেন।

প্রথমে এ মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এরপর দায়িত্ব পায় র‍্যাব।

গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তভার র‍্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের অধীনে তদন্ত পরিচালনার নির্দেশ দেন। পরে ২৩ অক্টোবর সরকারের সিদ্ধান্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়।