আখাউড়ায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের শাহেদ (২৮), টাঙ্গাইলের আবুল কালাম (৪৮), সুনামগঞ্জের রফিকুল ইসলাম (২৩) ও পিরোজপুরের আল আমিন (২২)।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ।
আখাউড়া রেলওয়ে থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহেদ ও রফিকুল ইসলামকে ১২ দিন এবং আল আমিন ও আবুল কালামকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়