যৌতুক না পেয়ে’ স্ত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় কারাগারে স্বামী
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং মাথার চুল কেটে দেওয়ার ঘটনার অভিযোগে স্বামী দিনু মিয়াকে(৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) রাত সাড়ে নরসিংদী সদরের খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দিনু মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সেলুন কর্মী।
ভুক্তভোগী মীম আক্তারের অভিযোগ, ব্যবসার জন্য ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তার ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন স্বামী দিনু মিয়া। নির্ধারিত সময়ে টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গাল ও হাতে আঘাত করা হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
নির্যাতনের একপর্যায়ে মাথার চুল কেটে দেয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাথার কাটা চুল নিয়ে তিনি আখাউড়া থানায় গিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি দিনু মিয়াকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।