চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানায় দুর্ঘটনা, শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানায় দুর্ঘটনা, শ্রমিক নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকায় অবস্থিত প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় মো. ইউসুফ (৬৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি দীর্ঘ ৬-৭ বছর ধরে প্রভিটা ফিড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানায় সনাতন পদ্ধতিতে ভারী ফিডের বস্তা হাতে ও মাথায় করে ট্রাকে তোলার সময় একটি বস্তা হঠাৎ তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী অভিযোগ করে বলেন, আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে এখনো কারখানায় হাতে ও মাথায় ভারী বস্তা বহনের মতো ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার করা হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাদের দাবি, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে এবং এর সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেয়া প্রয়োজন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।