এবার ছিনতাইয়ের শিকার সিলেট বিএনপির শীর্ষ নেতা
সংগৃহীত ছবি
সম্প্রতি সিলেট নগরে বেড়েছে ছিনতাই। এরই মধ্যে ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এবার ছিনতাইয়ের শিকার হলেন সিলেট মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিলে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন। ছিনতাইকারীরা তার গাড়ি থামিয়ে অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ছিনতাইয়ের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাসিম হোসাইন। তিনি বলেছেন, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছি আমি।
শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেট কারে করে রওয়ানা দিয়েছিলাম। আমার প্রাইভেট কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাঙচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ মনজুরুল আলম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সম্প্রতি সময়ে সিলেট নগরে বেশ কয়েকটি আলোচিত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার নগরের মিরের ময়দান এলাকায় র্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন নিয়ে যায় ছিনতাইকারীরা।
একইদিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।