আমি আমার খেলোয়াড়দের আগুনে পুড়িয়ে মারব না: রিয়াল কোচ
ছবি: সংগৃহীত
অনুশীলন মাঠে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন শুয়োমেনির মধ্যে হাতাহাতি হলেও তাদের নিয়ে আবেগ ঝরল রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার কণ্ঠে। এল ক্লাসিকোর আগের দিনের সংবাদ সম্মেলনে তার স্কোয়াডের পেশাদারিত্ব নিয়ে ‘মিথ্যাচার’ এবং ড্রেসিংরুমের তথ্য ফাঁস হওয়াকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন তিনি।
রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে ও ড্রেসিংরুমে মারামারির ঘটনায় ভালভার্দে ও শুয়োমেনিকে ৫ লাখ করে ইউরো জরিমানা করা হয়েছে। এই ঘটনায় কপাল কেটে যাওয়ায় ম্যাচটি খেলা হচ্ছে না ভালভার্দের। তবে শুয়োমেনি ট্রেনিংয়ে ফিরেছেন এবং আরবেলোয়া নিশ্চিত করেছেন রোববারের ক্লাসিকোতে তাকে খেলানো হতে পারে।
আজ (শনিবার) শুয়োমেনি ও ভালভার্দের প্রতি আবেগী কণ্ঠে রিয়াল কোচ বললেন, ‘দুই খেলোয়াড় অনুশোচনা করেছে, তারা তাদের ভুল স্বীকার করেছে, তারা শাস্তিও মেনে নিয়েছে এবং ক্ষমাও চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। আমি তো আমার খেলোয়াড়দের আগুনে পুড়িয়ে মারব না। তাদের কারোর এটা প্রাপ্য নয়।’
তিনি আরও বলে গেলেন, ‘তারা দুজন এমন খেলোয়াড় যারা রিয়াল মাদ্রিদের আদর্শকে ভালোভাবে তুলে ধরে। এই ক্লাবের জন্য লড়াই করার সুযোগ তাদের প্রাপ্য। আমি তাদের নিয়ে খুব গর্বিত। আমার খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে সন্দেহ করার জন্য সুযোগ নিতে দেবো না।’
সম্প্রতি আরবেলোয়ার সঙ্গে দলের একাধিক খেলোয়াড়ের রেষারেষির খবর শোনা গেছে। বিষে করে দানি কারভাহাল, দানি কেবায়োস ও রাউল আসেনসিওর কাছ থেকে সম্মান পান না, এমন একটা গুঞ্জন উঠেছে। এনিয়ে কোচ বললেন, ‘অনেক মিথ্যা বলা হয়েছে। এটা মিথ্যা যে আমার খেলোয়াড়রা পেশাদার নয়, এটা পুরোপুরি মিথ্যা যে আমার খেলোয়াড়রা আমাকে সম্মান করে না, একজনও না। আমার সঙ্গে সমস্যা বলে তারা খেলে না, এটাও মিথ্যা। অথবা তাদের জীবনযাত্রা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মতো নয়। এগুলো একদম মিথ্যা।’
এদিকে আন্তোনিও রুডিগার ও আলভারো কারেরাসের মধ্যেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল বলে শোনা গিয়েছিল। পরে কারেরাস ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান, সেটি ছিল বিচ্ছিন্ন ঘটনা এবং সমাধানও হয়ে গিয়েছে।
দলের ড্রেসিংরুমের তথ্য ফাঁস হওয়ায় ক্ষোভ ঝারলেন আরবেলোয়া, ‘আমার জন্য সবচেয়ে গুরুতর ব্যাপার হলো, যেটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে যা ঘটে সেটা সেখানেই থাকা উচিত। ড্রেসিংরুমের ঘটনা যদি ফাঁস হয়, তাহলে আমি মনে করি রিয়াল মাদ্রিদ এবং যা এই ব্যাজটি যা প্রতিনিধিত্ব করে, তার প্রতি এটা বিশ্বাসঘাতকতা।’
তিনি বললেন, ‘আমি সিআইএ কিংবা এমন কিছুর হয়ে কাজ করি না। আমি খেলোয়াড়দের অভিযুক্ত করছি না বা অন্য কাউকে। রিয়াল মাদ্রিদের প্রথম দলে অনেক লোক থাকে। আমি কারো দিকে আঙুল তুলতে যাচ্ছি না। আমি উদাহরণ তৈরির চেষ্টা করছি এবং আমার ও আমার খেলোয়াড়দের মধ্যে যে ব্যক্তিগত আলাপ হয় সেগুলো সবসময় এখানেই থাকা উচিত।’