জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে শফিকুল-রিয়ন
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৭৫ সদস্যের এ কমিটিতে অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি এবং সমাজকর্ম বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের ইসনাম রিয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (৯ মে) উপদেষ্টামণ্ডলীর সদস্য হাসিব সরকার, মো. মাসুদুল ইসলাম, আহসান মল্লিক, মিয়া মোহাম্মদ রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল-আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান কমিটির অনুমোদন দেন।
উপদেষ্টা মিয়া মোহাম্মদ রাসেল বলেন, জামালপুর জেলা ছাত্রকল্যাণকে সুসংগঠিত করার লক্ষ্যে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে এগিয়ে নেবেন এবং বিশ্ববিদ্যালয়ে জামালপুর জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে কাজ করবেন। পাশাপাশি জেলা ছাত্রকল্যাণ পরিষদ জামালপুরের সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে ভূমিকা রাখবে।
উপদেষ্টা ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সহকারী পরিচালক মো. মাসুদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের আস্থা ও নির্ভরতার জায়গা হলো জামালপুর জেলা ছাত্রকল্যাণ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, নবগঠিত কমিটির ওপর পূর্ণ আস্থা রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে তারা কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় জামালপুর জেলা ছাত্রকল্যাণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আরও শক্ত অবস্থান তৈরি করবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জোবায়ের ইসনাম রিয়ন বলেন, সংগঠনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা ও সেমিনারের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করব।
নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগ ও দায়িত্বের জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যেতে চাই।