সীমান্তে দুই বাংলাদেশি নিহতের প্রতিবাদে জেডিপির বিক্ষোভ
সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।
শনিবার (৯ মে) রাতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে জেডিপির নেতাকর্মীরা একটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় সীমান্ত হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি দাবি করেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এমন ঘটনার সাহস পাচ্ছে।
জেডিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরা জেরিন বলেন, দুই বাংলাদেশি নিহত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। নাগরিকের জীবন ও নিরাপত্তার প্রশ্নে সরকারের আরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ, প্রধান সংগঠক আহছান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া জাতীয় ছাত্রমঞ্চের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।