৩ দফা দাবিতে ইবির ফিকহ বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

৩ দফা দাবিতে ইবির ফিকহ বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে আন্দোলন চলাকালে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে ‘দেখে নেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচতলায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ফলাফল দ্রুত প্রকাশ, তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন ঘোষণা এবং চতুর্থ বর্ষের পূর্ণাঙ্গ একাডেমিক রোডম্যাপ প্রকাশ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের ৩.১ সেমিস্টারের পরীক্ষা গত ২১ জানুয়ারি শেষ হলেও প্রায় ১০৯ দিন পেরিয়ে গেছে, এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস পেলেও ফল প্রকাশের বিষয়ে তারা অনিশ্চয়তায় রয়েছেন। পাশাপাশি পরবর্তী সেমিস্টারের পরীক্ষার রুটিন ও চতুর্থ বর্ষের একাডেমিক কার্যক্রমের সুস্পষ্ট পরিকল্পনা প্রকাশের দাবি জানান তারা।

এদিকে আন্দোলনের সময় বিভাগের অধ্যাপক ড. আবু বকর জাকারিয়া মজুমদারের বিরুদ্ধে ফলাফল কমিয়ে দেওয়া ও দেখে নেওয়ার হুমকির অভিযোগ করেন শিক্ষার্থীরা।

তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ড. আবু বকর জাকারিয়া মজুমদার বলেন, ‘আমি এ ধরনের কোনো হুমকি দিইনি। শিক্ষার্থীদের খাতা ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। তাই নম্বর কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।’ তবে শিক্ষকের দেওয়া হুমকির রেকর্ড আছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন বলেন, ‘আমি সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ফলাফল প্রকাশের নির্ধারিত সময় এখনো শেষ হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এছাড়া আগামী মাসের ২০ তারিখে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে রোডম্যাপ চাচ্ছে, সে বিষয়ে বিভাগীয় সভাপতি আগামীকাল জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।’