সূর্যবংশীকে নিয়ে মুগ্ধ অশ্বিন

সূর্যবংশীকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ফাইল ছবি

মাত্র ১৫ বছর বয়সেই বিধ্বংসী ব্যাটিংয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া সূর্যবংশীকে ভবিষ্যতের তিন সংস্করণের ক্রিকেটার হিসেবে দেখছেন রবিচন্দ্র অশ্বিন। ভারতের এই স্পিন কিংবদন্তি মনে করেন, ভয়ডরহীন ব্যাটিং ও বোলারদের ওপর আধিপত্য বিস্তারের সামর্থ্য সূর্যবংশীকে অসাধারণ এক প্রতিভায় পরিণত করেছে।

সম্প্রতি আইপিএলে ঝড় তোলা ব্যাটিংয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার। গত মৌসুমে ৩৫ বলে সেঞ্চুরি করে নজর কাড়ার পর এবারও ব্যাট হাতে সমান আগ্রাসী তিনি। চলতি আসরে দুটি ফিফটি করেছেন মাত্র ১৫ বলে এবং একটি সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৬ বলে।

শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় খেলছেন সূর্যবংশীকে। বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকানোর পাশাপাশি জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার ও ম্যাট হেনরির মতো অভিজ্ঞ বোলারদেরও দাপটের সঙ্গে খেলেছেন তিনি। আইপিএলের এক আসরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০ ছক্কা মারার কীর্তিও গড়েছেন এই তরুণ।

জিওহটস্টারে দেয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, 'প্রত্যেক বোলারকে নাস্তানাবুদ করছে সে। টেস্ট ম্যাচে তাকে দেখতে আমার কোনো আপত্তি নেই। তিন সংস্করণেই খেলতে পারে সে।'

গত ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ের নায়ক ছিলেন সূর্যবংশী। সাত ইনিংসে ৪৩৯ রান করে হন টুর্নামেন্টসেরা।