টেক্সাসে মালবাহী ট্রেনে ৬ জনের ‘রহস্যময়’ মৃত্যু

টেক্সাসে মালবাহী ট্রেনে ৬ জনের ‘রহস্যময়’ মৃত্যু

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তবর্তী শহর লারেডোতে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে রহস্যজনক হিসেবে বিবেচনা করছে। নিহতদের পরিচয়, তারা কীভাবে সেখানে পৌঁছেছিলেন এবং ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সময় গতকাল রবিবার বিকালে ইউনিয়ন প্যাসিফিক রেইলরোড-এর রেল ইয়ার্ডে মাল খালাসের সময় এক কর্মচারী একটি বক্সকারের ভেতরে মরদেহগুলো দেখতে পান। পরে দ্রুত পুলিশ ও জরুরি সেবাকর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সীমান্ত নিরাপত্তা, মানবপাচার এবং মালবাহী ট্রেন ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

লারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, রবিবার বিকাল সাড়ে ৩টার কিছু পরে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘রেল ইয়ার্ডের এক কর্মী ট্রেনের বগির ভেতরে হতাহতদের দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন।’ তবে নিহতরা কোন দেশের নাগরিক বা তারা কীভাবে ওই বগিতে উঠেছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ইউনিয়ন প্যাসিফিকের তথ্য অনুযায়ী, তারা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তজুড়ে নিয়মিত পণ্য পরিবহন কার্যক্রম পরিচালনা করে। এছাড়া মেক্সিকোতে প্রবেশের সব প্রধান রেলপথে পরিষেবা দেওয়ার একমাত্র বড় রেল সংযোগও এটি। ফলে ট্রেনটি কোথা থেকে এসেছে, মাঝপথে কোথায় কোথায় থেমেছে এবং বগির ভেতরে কীভাবে ওই ব্যক্তিরা ছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 ঘটনার সময় লারেডো এলাকায় তাপমাত্রা ছিল প্রায় ৯৭ ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সারভিস জানিয়েছে, রবিবার বিকালে সেখানে তীব্র গরম অনুভূত হচ্ছিল।

যদিও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করেনি, তবে প্রাথমিকভাবে অতিরিক্ত গরম বা হিট স্ট্রোকের শঙ্কাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বদ্ধ ট্রেলার বক্সকারের ভেতরে দীর্ঘ সময় আটকে থাকলে তাপমাত্রা দ্রুত প্রাণঘাতী পর্যায়ে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র লারেডো

মেক্সিকো সীমান্তবর্তী লারেডো যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত স্থলবন্দর ও বাণিজ্যিক প্রবেশদ্বার। টেক্সাস কমপট্রোলার অফ পাবলিক অ্যাকাউন্টসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পোর্ট লারেডোর মাধ্যমে টেক্সাসের মোট স্থলবন্দর বাণিজ্যের প্রায় ৬২ শতাংশ পরিচালিত হয়েছে। যার আর্থিক মূল্য ছিল প্রায় ৩৪০ বিলিয়ন ডলার। বিশাল এই বাণিজ্যিক রুট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মালবাহী ট্রেন ও ট্রাক চলাচল করে। ফলে সীমান্ত পারাপারে অবৈধভাবে মানুষ পরিবহন বা ট্রেনের বগিতে লুকিয়ে যাত্রার ঘটনাও মাঝেমধ্যে প্রকাশ্যে আসে।

সূত্র: এনবিসিসিএনএন