বাসায় ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, অভিযুক্ত পলাতক

বাসায় ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, অভিযুক্ত পলাতক

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বন্ধুর ডাকে বাসায় গিয়ে প্রাণ হারিয়েছেন পারভেজ মিয়া (২৬) নামে এক যুবক। ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধু শাহাদাত হোসেনের বিরুদ্ধে।

রোববার (১০ মে) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া এলাকায় হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শাহাদাত হোসেন বন্ধু পারভেজকে তার বাসায় ডেকে নেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মুখ ও মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন পারভেজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।