লা লিগা জয়ের উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা
সংগৃহীত
লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করলেন বার্সেলোনার স্পেনীয় তরুণ তারকা লামিন ইয়ামাল। সোমবার অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, ১৮ বছর বয়সী এই তারকা ওপেন-টপ বাসের ভেতর থেকে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন।
উৎসবমুখর জনতার উল্লাসে ভরে ওঠে রাস্তা। বার্সেলোনার রাস্তায় হাজার হাজার মানুষ তাদের প্রিয় দলকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন।
রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনা তাদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা জিতেছে। এটি দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকোর ফলেই লা লিগার শিরোপার ভাগ্য নির্ধারিত হলো। পরপর দ্বিতীয়বার লিগ জিতল বার্সা।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বার্সেলোনা শহর স্পেনে ফিলিস্তিনপন্থি আন্দোলনের বড় কেন্দ্র হয়ে উঠেছে।
এই শহর থেকেই নিয়মিত বড় বড় ফিলিস্তিন সমর্থন মিছিল হয়েছে। অবরুদ্ধ গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টায় বেশ কয়েকটি ত্রাণবাহী জাহাজ ছেড়েছে।