প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারালো বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারালো বাংলাদেশ

সংগৃহীত

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা ভালোই হলো বাংলাদেশের মেয়েদের। মূল আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা। ব্যাংককে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত ম্যাচে থাই ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ঋতুপর্ণারা। দলের হয়ে গোল দুটি করেছেন আনিকা রানিয়া সিদ্দিকী ও উমহেলা মারমা।

শুরুতেই দাপুটে ফুটবল খেলতে থাকেন বাংলাদেশের মেয়েরা। তার ফল পেতেও অবশ্য খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ১৫ মিনিটেই আনিকার গোলে লিড নেয় লাল-সবুজরা। সেই লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য বজায় রাখেন ঋতু-আনিকারা। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমহেলা মারমা।  

২৫ মে ভারতের গোয়ায় পর্দা উঠছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের। টানা তৃতীয়বারের মতো শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশ নারী দল ইতোমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে ৭ মে দলটি থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছায়। সেখানে ১৫ দিনের কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে বাংলাদেশের। 

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭ মে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। থাইল্যান্ডে ক্যাম্প শেষ করে ২১ মে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।    

এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়বে স্বাগতিক ভারত ও মালদ্বীপের বিপক্ষে। শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে ২৯ মে, মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরপর ৩১ মে গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।