সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া যুবকের নাম মো. মুরাদ (৩০)। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
পুলিশ জানায়, সোমবার (১১ মে) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি মো. এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।