রোজ সকালে ভেজানো কুমড়ার বীজ খেলে কী হয়?
ফাইল ফটো
স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের অনেকে সকাল শুরু করেন লেবু-পানি খেয়ে। কেউবা খান মৌরি ভেজানো পানি। এসব পানীয় শরীরের জন্য উপকারি। তবে এই তালিকায় রাখতে পারেন ভেজানো কুমড়ার বীজ। এটি খেলে কী হবে? কী কী উপকার মিলবে? চলুন জেনে নিই-
মানসিক চাপ কমায়
কুমড়ার বীজে আছে ট্রিপটোফ্যান নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা শরীর সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে। এই দুই হরমোনই মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। অবসাদ বা মানসিক চাপ কমায়।
সেরোটোনিন স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতেও সাহায্য করে। তাই নিয়ম করে কুমড়ার বীজ ভিজিয়ে খেলে মন ফুরফুরে থাকবে। এই বীজে রয়েছে প্রোটিন, ফ্যাট, ফাইবার। এছাড়াও ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেশিয়ামের অত্যন্ত ভালো উৎস হলো এই বীজ।
প্রস্রাব ধরে রাখতে সাহায্য করে
অনেকের মূত্রথলিতে প্রস্রাব ধরে রাখা কষ্টকর হয়, বিশেষত বয়স্কদের। এটি দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। কুমড়ার বীজ খেলে সেই সমস্যা কিছুটা হলেও কমে।
রক্তচাপ ও কোলেস্টেরল বশে রাখে
ভেজানো কুমড়ার বীজ রক্তচাপ বশে রাখতে সাহায্য করে। এটি কোলেস্টেরলও কমায়। উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্টের অসুখের ঝুঁকি কমায় এই বীজ। মেনোপজের পর নারীদের রক্তচাপের মাত্রা ওঠানামা করে। তা ঠিক রাখতেও সাহায্য করে কুমড়ার বীজ। এটি শরীরের ভালো কোলেস্টেরল এর মাত্রা বাড়ায়।
শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
রক্তে শর্করার মাত্রা বশে রাখতেও সাহায্য করে কুমড়ার বীজে থাকা ফাইবার। এমনকি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরেও রক্তে চট করে শর্করা বাড়তে বাধা দেয় এটি। তাই রোজকার খাদ্যতালিকায় রাখতে পারেন এক চামচ ভেজানো কুমড়ার বীজ।