নারায়ণগঞ্জে দুই ইটভাটাকে জরিমানা
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে বায়ুদূষণের অভিযোগে দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটা দুটি হলো—বন্দরের মদনপুর কেউঢালা এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ড এবং জাঙ্গাল এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ড। এরমধ্যে এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ বলেন, অভিযানে দুইটি ইটভাটার বিরুদ্ধে বায়ুদূষণের প্রমাণ পাওয়া গেছে। তারা পরিবেশগত নিয়মকানুন মেনে কার্যক্রম পরিচালনা করছিল না। পরে তাদের জরিমানার আওতায় আনা হয়।
তিনি আরও বলেন, ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন