৩৬ বছর বয়সে এসেও সেরার দৌড়ে ভুবনেশ্বর, জানালেন সাফল্যের রহস্য
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন ভুবনেশ্বর কুমার। এই সময়ে এসে বলের গতি কিছুটা কমলেও আগের মতোই কার্যকরী তিনি। নিখুঁত লাইন-লেংথ বজায় রেখে বোলিং করতে পারেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে চলমান আইপিএলেও দুর্দান্ত পারফর্ম করছেন ৩৬ বছর বয়সী এই পেসার।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে আবার আলোচনার কেন্দ্রে ভুবনেশ্বর। সবমিলিয়ে ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার দৌড়ে সবার উপরে আছেন তিনি। নিজের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ভুবনেশ্বর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভুবনেশ্বর বলেছেন, 'আমার দক্ষতা এবং ক্রিকেটীয় মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে গত কয়েক বছরে। পরিস্থিতির সঙ্গে অনেক দ্রুত মানিয়ে নিতে শিখেছি। গত ১০ বছরে ব্যাটারদের খেলার ধরন অনেক বদলে গেছে। এই ব্যাপারটার সঙ্গেও মানিয়ে নিতে হয়েছে। হয়তো সে জন্যই সাফল্য পাচ্ছি।'
তিনি আরও বলেছেন, 'পাঁচ বছর আগে কোনো ম্যাচে ৪০ রান দিলে মনে হত, এতটা খারাপ দিন গেল। এখন কেউ ৪০ রান দিলে আমার মনে হয় ভালোই বোলিং করেছে। একটা সময় ২০০ হলেই মনে হত, জেতার মতো রান হয়ে গেছে। এখন ২০০ রান তাড়া করা আর কঠিন নয়। মনে হয় ২০০ রানই তো করতে হবে।'
২০২২ সালের পর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি ভুবনেশ্বর। এখনও জাতীয় নির্বাচকদের ভাবনায় তিনি নেই। এ প্রসঙ্গে ভুবনেশ্বর বলেছেন, 'অনুপ্রেরণা শব্দটা অতিরঞ্জিত। আসল হচ্ছে শৃঙ্খলা। চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতি দিন চেষ্টা করে গেলে তবেই ধারাবাহিক হওয়া যায়। অনুশীলনে ধারাবাহিক হতে পারলে ম্যাচে সুফল মেলে।'
'বয়স বাড়লে বিষয়টা কঠিন হয়ে যায়। শারীরিক কিছু চ্যালেঞ্জ সামলাতে হয়। ম্যাচের পর তরতাজা হতে এখন সময় অনেক বেশি লাগে। শারীরিক ভাবে কাজটা নিঃসন্দেহে কঠিন। তবে মানসিক ভাবে সহজ। কারণ অভিজ্ঞতা এবং পরিণতিবোধের সাহায্য পাওয়া যায়। খেলাটা বোঝাও অনেক সহজ হয়ে যায়।'-যোগ করেন তিনি।