পিরোজপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিকি ছবি

পিরোজপুরের নাজিরপুরে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

পরিবার ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে দুই শিশু নানাবাড়ি নাজিরপুরের আমতলা গ্রামে বেড়াতে আসে।

দুপুরে তারা বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের ঘাটসংলগ্ন পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।