কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মো. রাব্বি নামে পাঁচ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত আরও ২৭ শিশুকে শনাক্ত করা হয়েছে। বুধবার (১৩ মে) জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
মৃত রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ মে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাব্বির শরীরে হাম রোগের উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ মে পর্যন্ত কুমিল্লায় মোট ১ হাজার ৫২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে ১০২ জনের শরীরে সংক্রমণের নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ১০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬২ জন।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, হামের উপসর্গে কুমিল্লায় মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে তিনজন ঢাকায় এবং বাকি চারজন কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা শ্বাসকষ্টসহ উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।