এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে এসে ছেলে দেখল বাবার লাশ

এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে এসে ছেলে দেখল বাবার লাশ

প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান সংলগ্ন আইডিয়াল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা খালি ডাম্পারকে দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা দিলে ডাম্পারের সম্মুখের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় ডাম্পার চালক মো. ইউনুছ আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ মে) সকালে মারা যান।

পরে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নেয় ছেলে মো. রাসেল।

মো. ইউনুছ চন্দনাইশ পৌরসভার ফতেহ আলী সিকদার বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।

জানা যায়, গত ১ মে দুপুরে শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কের চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান সংলগ্ন আইডিয়াল স্কুল এলাকায় দাঁড়িয়ে থাকা ডাম্পারকে কলেজ গেট অভিমুখী দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা দিলে কারটি আইডিয়াল স্কুলের সামনের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ডাম্পার চালক ইউনুছসহ ৩ জন আহত হন।

ইউনুছকে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসার পরও তার জ্ঞান ফেরেনি বলে জানান স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন। অবশেষে বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইউনুছ।

এদিকে ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. রাসেল বুধবার হিসাববিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়িতে এসে বাবার লাশ দেখে নির্বাক হয়ে যায়।

পরীক্ষা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে জানত না তার বাবা মারা গেছেন।

পরে বুধবার মাগরিবের নামাজের পর চন্দনাইশ দরবার শরীফ মাঠে নামাজে জানাজা শেষে মো. ইউনুছকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটিও আটক রয়েছে।