‘দুইটা পয়সা দিলে শাকিবই দেয়’

‘দুইটা পয়সা দিলে শাকিবই দেয়’

ছবি: সংগৃহীত

দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো শাকিব খানের ঘাটি হিসেবে বিবেচিত। যদিও গেল রোজার ঈদে তার ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবিটি চালিয়ে ব্যবসায়ীকভাবে ক্ষতির সম্মুখীন হন হল মালিকেরা। এরমধ্যে একজন ঢাকার অদূরের উপজেলা শহর নাগরপুরের রাজিয়া সিনেমা হলে দায়িত্বে থাকা মো. আমিন। 

‘প্রিন্স’ চালিয়ে লোকসানের মুখে পড়েছিলেন তিনি। তবুও কোরবানি ঈদে শাকিবকেই ভরসা মনে করছেন আমিন। বলেন, ‘রোজার ঈদে বড় ক্ষতি হয়ে গেছে। কোরবানি ঈদে সেই ক্ষতি পোষানোটাই আমাদের লক্ষ্য। এখনও সব সিনেমার টিজার ট্রেলার আসেনি। এলে সিদ্ধান্ত নেব। তবে আমি মনে করি, সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানই ভরসা। দুইটা পয়সা দিলে শাকিবই দেয়। আর তো কেউ দেয়নি। তার সিনেমা চালিয়েই স্ত্রী-সন্তান নিয়ে বেঁচে থাকি।’ 

‘রকস্টারে’র টিজার ও গান মুগ্ধ করেছে তাকে। বললেন, ‘টিজার বেশ ভালো লেগেছে। মানসম্মত মনে হয়েছে। গানও ভালো হয়েছে। আশা করি সিনেমাটিও ভালো হবে। রোমান্টিক ও গান নির্ভর হবে মনে হচ্ছে। তাছাড়া শাকিবিয়ানদের আগ্রহ সবসময়ই আমরা বিবেচনায় রাখি।’ 

‘রকস্টার’-এর পরিচালক আজমান রুশো। সিনেমাটি নির্মাণ করা হয়েছে সান কমিউনিকেশনের ব্যানারে। আরও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি।