১০০ পয়েন্টের স্বপ্নভঙ্গের পর যা বললেন বার্সা কোচ
ছবি: সংগৃহীত
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার পর দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে মূল একাদশে আটটি পরিবর্তন আনেন কোচ হান্সি ফ্লিক। তবে অবনমন অঞ্চল থেকে বাঁচার লড়াইয়ে থাকা আলাভেসের কাছে ১-০ গোলে হেরে বসেছে কাতালান ক্লাবটি। এই হারের ফলে লা লিগার ইতিহাসে এক মৌসুমে ১০০ পয়েন্ট পাওয়ার যে সুযোগ বার্সার সামনে ছিল, তা আর সম্ভব হচ্ছে না।
মেন্দজোরোৎজা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল বার্সেলোনার। মার্কাস রাশফোর্ড ও দানি অলমোরা গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে পিছিয়ে পড়ে তারা। উল্টো বিরতির ঠিক আগে ইব্রাহিম দিয়াবাতের দুর্দান্ত এক ভলিতে লিড নেয় আলাভেস। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও আলাভেসের রক্ষণভাগ অটল ছিল। এই জয়ের ফলে বার্সার টানা ১২ ম্যাচের জয়ের ধারায় ছেদ পড়ল।
ম্যাচ শেষে হান্সি ফ্লিক কিছুটা হতাশ হলেও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, ‘ফলাফল নিয়ে আমি হতাশ, তবে আমাদের এটি মেনে নিতে হবে। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি যারা লিগে টিকে থাকার লড়াই করছে। ১০০ পয়েন্ট পাওয়া এখন আর সম্ভব নয়, তবে আমি খেলোয়াড়দের বলেছি যে তাদের খেলায় আমি অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি।’
হেরে গেলেও বার্সার তরুণ একাডেমি লা মাসিয়ার খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ ফ্লিক। এই ম্যাচে অভিষেক হওয়া সেন্টার-ব্যাক আলভারো কর্তেসের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আলভারো অসাধারণ খেলেছে। শক্তিশালী স্ট্রাইকারদের বিপক্ষে সে যেভাবে আকাশপথের লড়াইয়ে জিতেছে এবং বল পায়ে আত্মবিশ্বাস দেখিয়েছে, তা সত্যিই দারুণ। এভাবেই লা মাসিয়ার তরুণরা প্রমাণ করছে যে তারা বার্সার মূল দলে খেলার যোগ্য।’
লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এখন ফ্লিকের মূল লক্ষ্য হলো স্কোয়াডের গভীরতা যাচাই করা এবং তরুণদের সুযোগ দেওয়া। লিগের শেষ দুই ম্যাচে বার্সেলোনা লড়বে রিয়াল বেটিস ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে।