বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক

বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক

অধ্যাপক ড. একরামুল হক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হক।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার তাকে এই নিয়োগ দেয়।

অধ্যাপক একরামুল হক বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এক আদেশে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক বদরুজ্জামান।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুয়েট অধ্যাদেশ অনুযায়ী ড. একরামুল হককে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।
 
ড. একরামুল হকের শিক্ষাজীবন ও কর্মজীবন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তিনি ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। মেধাতালিকায় অনার্স মার্কসসহ তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। ওই বছরই বুয়েটে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু হয়। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গবেষণাক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সমাদৃত ড. একরামুল হক ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্বনামধন্য বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

কুমিল্লা শহরে জন্মগ্রহণকারী এই প্রকৌশলী ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। ১৯৮১ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৪তম এবং ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করেছিলেন তিনি।