গাইবান্ধায় ভূয়া কাবিননামা তৈরির অভিযোগে কাজী গ্রেফতার

গাইবান্ধায় ভূয়া কাবিননামা তৈরির অভিযোগে কাজী গ্রেফতার

প্রতিকি ছবি

গাইবান্ধায় বিয়ের নিবন্ধনে জালিয়াতি ও ভূয়া কাবিননামা তৈরির অভিযোগে আব্দুল গোফ্ফার আকন্দ নামে এক কাজীকে গ্রেফকার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আব্দুল গোফ্ফার আকন্দ গাইবান্ধা পৌর শহরের ১ নং ওয়ার্ডের কাজী। তিনি গাইবান্ধা পৌর শহরের ডেভি কোম্পানিপাড়ার বাসিন্দা। শুক্রবার সকালে দেনমোহরানার জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১ এপ্রিল বিকেলে গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানিপাড়ায় অবস্থিত কাজী অফিসে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামের শরিফ আল কামালের সাথে বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের রিক্তা আক্তার শিখার বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে ১০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছিল। বিয়ের পর কাবিননামা দিতে টালবাহানা শুরু করেন কাজী গোফ্ফার। 

পরে গত ৩ মে ভুক্তভোগী রিক্তা আক্তার শিখা পৌর প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পৌর প্রশাসক কাজী গোফ্ফারকে মূল বইসহ তলব করলে, তিনি ১০ লাখ টাকার স্থলে মাত্র ১ লাখ ১০ হাজার টাকা দেনমোহর উল্লেখ করা একটি ভূয়া কাবিননামা দাখিল করেন। ভুক্তভোগী এর প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে ১৪ মে ভুক্তভোগী রিক্তা আক্তার কাজী আব্দুল গোফ্ফার এবং ভুক্তভোগীর স্বামী শরিফ আল কামালের বিরুদ্ধে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা করেন।

ভুক্তভোগী রিক্তা আক্তার শিখা বলেন, আমার বিবাহের দেনমোহরানা ১০ লাখ টাকার কাবিননামার জায়গায় ১ লাখ ১০ হাজার টাকার কাবিননাম প্রদান করেছে। গোফ্ফার কাজী তার স্বামীর কাছে মোটা আংকের টাকা ঘুষ খেয়ে তার সাথে প্রতারণা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভূয়া কাবিননামার অভিযোগে এক কাজীকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।