সিলেটে শিশু হত্যায় অভিযুক্তের বাড়িতে হামলা
সংগৃহীত ছবি
সিলেটে শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও খুনের ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর মানববন্ধন শেষে এ হামলা চালিয়ে বসতঘর ভেঙে ফেলা হয়।
জাকির সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা। নিহত ফাহিমা জাকিরের প্রতিবেশী দিনমজুর রইসুল হকের মেয়ে।
জানা গেছে, শিশু ফাহিমার খুনি জাকিরের ফাঁসির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাকিরের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে মানববন্ধন থেকে মিছিল নিয়ে এলাকাবাসী জাকিরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। তারা জাকিরের ঘরের বেড়া, চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিলে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, জুমার নামাজের পর মানববন্ধন শেষে এলাকার লোকজন গিয়ে বাড়ি ভাঙচুর করেন। এর আগেও জাকিরকে গ্রেফতারের পর এলাকার লোকজন তার বাড়িতে হামলা চালিয়েছিলেন। ওই সময় বিক্ষুব্ধদের হাতে পুলিশও লাঞ্ছিত হয়েছিল।
প্রসঙ্গত, গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হয় চার বছরের শিশু ফাহিমা আক্তার। দুদিন পর ৮ মে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১১ মে রাতে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় ফাহিমার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেফতার করে। জাকির হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।