আমিনপুরে ময়লার ভাগাড় অপসারণে মতবিনিময়
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুর মহল্লায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও রোগজীবাণুর ঝুঁকিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
এ বিষয়ে শুক্রবার বিকালে ভুক্তভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠন।
সভায় ঐক্যবদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করবে।
স্থানীয়দের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য দীর্ঘদিন ধরে আমিনপুর এলাকায় ফেলা হচ্ছে। এতে এলাকাটি এখন বিশাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার দুর্গন্ধ, পরিবেশ দূষণ, রোগজীবাণুর বিস্তার এবং মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
তারা জানান, ময়লার কারণে এলাকায় সামাজিক অনুষ্ঠান আয়োজন ও দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম পরিচালনায়ও বাধার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া এ পরিস্থিতির কারণে স্থানীয়রা সামাজিকভাবেও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, ফিরোজ মিয়া, শান্ত ইসলাম, তারিফুল হাসান, সুজল চৌধুরী, ইয়াসিন আরাফাত সিরাজী, হাবিবুর রহমান, দেলোয়ার হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।