মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

প্রতিকি ছবি

বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় টাকা ও সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দল্লাহর (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন। শুক্রবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আম্মার শেখ বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসে। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এসময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে। এতে আম্মার শেখ গুরুত্বর আহত হন। এসময় চৎকার শুনে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম্মার শেখকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে রাখেন। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

বাগেরহাট থানার ভারপ্রাপক কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, গভীর রাতে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আব্দুল্লাহকে আটক করে। নিহত আম্মার শেখের মরদেহ ময়না তদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে সম্পন্নের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, টাকা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, প্রকৃত ঘটনা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।