মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেফতার
প্রতিকি ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ৫০ মিনিটে মিরসরাই পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার রাহাত ফেনীর বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো অবস্থায় ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত জানান, তার সহযোগী ট্রাকের আরেক চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় নেমে যান এবং তাকে গাড়িটি চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, এ ঘটনায় রাহাত ও পলাতক সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।