অ্যালেন-রঘুবংশী-গ্রিন ঝড়ে গুজরাটকে উড়িয়ে দিল কলকাতা

অ্যালেন-রঘুবংশী-গ্রিন ঝড়ে গুজরাটকে উড়িয়ে দিল কলকাতা

সংগৃহীত

ইডেন গার্ডেন্সে ব্যাটিং ঝড়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। শনিবার (১৬ মে) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারিয়ে টুর্নামেন্টে দারুণভাবে ফিরল তারা। প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ২ উইকেটে ২৪৭ রান। জবাবে গুজরাট থামে ২১৮ রানে।

শুরুতে ম্যাচে তেমন গতি ছিল না। তবে একবার হাত খুলে খেলতে শুরু করতেই গুজরাট বোলারদের ওপর ঝড় তোলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। নিউজিল্যান্ডের এই ওপেনার ১০টি ছক্কায় ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শতরানের খুব কাছে গিয়েও থামতে হয় তাকে। অফ ফর্মের কারণে কিছুদিন দলের বাইরে থাকলেও প্রত্যাবর্তনের পর আবারও ম্যাচ জেতানো ইনিংস খেললেন তিনি।

অ্যালেন আউট হওয়ার পরও রান তোলার গতি কমেনি। তরুণ আংক্রিশ রঘুবংশী ও ক্যামেরুন গ্রিন গুজরাটের বোলিং আক্রমণকে পুরোপুরি ভেঙে দেন। রঘুবংশী ৪৪ বলে অপরাজিত ৮২ রান করেন, যেখানে ছিল চারটি চার ও সাতটি ছক্কা। অন্যদিকে গ্রিন ২৮ বলে ৫২ রান যোগ করেন। দু’জনের ১০৮ রানের জুটি কেকেআরের বিশাল সংগ্রহ নিশ্চিত করে।

জবাবে গিল ও বাটলার লড়াই করলেও লক্ষ্য অনেক বড় হয়ে যায়। গুজরাটের ফিল্ডিং ছিল হতাশাজনক; অ্যালেন ও গ্রিনের গুরুত্বপূর্ণ ক্যাচ ফসকায় তারা।

অপরদিকে, বল হাতেও উজ্জ্বল ছিলেন সুনীল নারিন। নিজের ২০০তম ম্যাচে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। এই জয়ে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে কেকেআর।