বরিশালে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু , আটক ৩
প্রতিকী ছবি
বরিশালের মুলাদী উপজেলায় মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন হাওলাদার (২৩) উপজেলার দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার পাওনা টাকা নিয়ে আল আমিনের সঙ্গে কাওছারসহ কয়েকজনের বিরোধ চলছিল।
এর জেরে রোববার দুপুরে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাইরুল ইসলাম বলেন, নিহত ও অভিযুক্ত ব্যক্তিরা মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়। দুই মাস আগে আল আমিনকে মাদকসহ আটক করেছিল পুলিশ।
কয়েক দিন আগে তিনি জামিনে মুক্ত হন।
আবু সালেহ বলেন, মাদক কেনাবেচার পাওনা টাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে।
একেএম সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে চারজন জড়িত ছিলেন। তাদের মধ্যে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।