নারায়ণগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সামাদ লালুরকান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- ইউসুফ আলী ও ইসমাইল। তারা একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতে আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।