বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার কোনটি?
ফাইল ফটো
দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার ব্র্যান্ড হিসেবে নতুন এক মাইলফলক ছুঁয়েছে টিপি-লিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে তাদের রাউটার বিক্রির সংখ্যা ৩ কোটির সীমা অতিক্রম করেছে।
রোববার রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করে টিপি-লিংকের বাংলাদেশি পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতেও নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে। তার ভাষ্য, ৩ কোটি রাউটার বিক্রির এই অর্জন টিপি-লিংকের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে টিপি-লিংকের স্থানীয় অংশীদারদের পক্ষ থেকে বাংলাদেশে উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান বলেন, ব্যবসায়িক ভলিউম বিবেচনায় বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করা লাভজনক হতে পারে। এ জন্য সরকারের সহযোগিতা ও উৎপাদনবান্ধব নীতিমালার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, টিপি-লিংকের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং সম্প্রতি বাংলাদেশ সফর করে সম্ভাব্য উৎপাদন কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। অনুকূল পরিবেশ পেলে দেশে দ্রুত উৎপাদন শুরু করা সম্ভব বলেও মত দেন তিনি।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টিপি-লিংক ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামে একটি বিশেষ ক্যাম্পেইনও চালু করেছে। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থাই প্রতিষ্ঠানটির বড় শক্তি।
অনুষ্ঠানে টিপি-লিংকের বিভিন্ন সাব-ব্র্যান্ড ও প্রযুক্তিপণ্যের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’, এআইভিত্তিক নিরাপত্তা ক্যামেরা ‘ভিজি’, স্মার্ট হোম পণ্য ‘ট্যাপো’ এবং হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘মার্কোসিস’।