বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান

বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি সম্পন্ন করতে সোমবার তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছে ইরান। দলটি অ্যান্টালিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলার পর সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাবে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, খেলোয়াড় এবং কোচিং স্টাফসহ মোট দলের সদস্যরা সোমবার সকালে অ্যান্টালিয়ার উদ্দেশে বিমানে চড়েছেন। এটি বিশ্বকাপের আগে তাদের শেষ প্রীতি ম্যাচ। ম্যাচ শেষে দলটি সরাসরি আমেরিকায় চলে যাবে।

এদিকে মাঠের লড়াইয়ের পাশাপাশি ইরানের সামনে বড় চ্যালেঞ্জ কূটনৈতিক। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যেতে দেওয়া হয়নি। আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) সঙ্গে তার সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র-কানাডা তাকে প্রবেশ করতে বাধা দেয়।

ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল, কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন; সূচি যেমন আছে, তেমনই থাকবে।

ইরানের গ্রুপ ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে (গ্রুপ পর্বের প্রথম ম্যাচ)। ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের বিপক্ষে। ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে।