বগুড়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘাত, নিহত ১

বগুড়ায় ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘাত, নিহত ১

সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়াতে জমিতে ছাগলের ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাংলালী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মানিক চৌধুরী (৫০) নামে একজন নিহত হন। তিনি ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে মানিক চৌধুরীর ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে প্রবেশ করে। ছাগলের ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। 

সন্ধ্যায় মানিক চৌধুরী ঝাজিড়া বাংলালী বাজারে আসলে কাকরুল ও তার ভাতিজা রেজাউল ধাতব বস্তু দিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মানিক চৌধুরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশের ওসি তাজমিলুর রহমান বলেন, মানিকের মরদেহ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনা আইনী প্রক্রিয়া চলমান আছে।