তথ্য উপদেষ্টা বলেছেন, দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন শেখ হাসিনা

তথ্য উপদেষ্টা বলেছেন, দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন শেখ হাসিনা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।। ছবিঃ সংগৃহীত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন- ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। চূড়ান্ত রায়ে আদালত যে সিদ্ধান্ত দেবে, সরকার তা বাস্তবায়ন করবে।

অপসংবাদিকতার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সবাই দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন।

র‍্যাব প্রসঙ্গে তিনি বলেন, র‍্যাব বিলুপ্ত করা হচ্ছে না। তবে পূর্ণাঙ্গ আইন করে বাহিনীটির নাম পরিবর্তন করা হতে পারে। নতুন স্বতন্ত্র আইনের মাধ্যমে এলিট ফোর্সটি পরিচালিত হবে এবং আগের কাঠামোতে থাকছে না র‍্যাব।

এসময় ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে কমিশন গঠন করতে চায় সরকার। আগামী জুনের মধ্যেই এ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

হামে শিশু মৃত্যুর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, আগামী এক বছরের জন্য শিশুদের সব ধরনের রোগের টিকা নিশ্চিত করা হয়েছে। শিশুদের ১০ ধরনের রোগ প্রতিরোধে ৯ কোটি ৫০ লাখ ভ্যাকসিন কেনা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।