বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা নিষিদ্ধ করছে ফিফা

বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা নিষিদ্ধ করছে ফিফা

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর এবার ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপেও ইরানের বিপ্লব-পূর্ববর্তী প্রাচীন পতাকা এবং এর প্রতীক সম্বলিত পোশাক বা সরঞ্জাম স্টেডিয়ামে নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ফিফা। মার্কিন ক্রীড়া গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

মূলত স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক ও বৈষম্যমূলক আচরণ বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বজায় রাখছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানে ব্যবহৃত পতাকায় একটি বিশেষ ‘সিংহ ও সূর্য’ প্রতীক ছিল। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী ইরানিরা নিজেদের জাতিগত পরিচয় প্রকাশের পাশাপাশি বর্তমান ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং রাজনৈতিক সংহতি প্রদর্শনের প্রতীক হিসেবে ব্যবহার করে থাকেন এই পুরোনো পতাকাটি।

ফিফার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, আসন্ন ২০২৬ বিশ্বকাপের ভেন্যুগুলোতে ভক্তদের এই পুরোনো পতাকা বা এর প্রতীক সম্বলিত পোশাক পরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে ফিফা সরাসরি তাদের স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট বা আচরণবিধির কথা উল্লেখ করে। যেখানে স্পষ্ট বলা আছে- স্টেডিয়ামের অভ্যন্তরে যেকোনো ধরণের রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা বহনকারী সামগ্রী প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও এই পতাকা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। সেবার গ্যালারিতে এই বিপ্লব-পূর্ববর্তী পতাকা বহনকারী কিংবা বর্তমান ইরান সরকার-বিরোধী স্লোগান সম্বলিত পোশাক পরা দর্শকদের অনেককেই স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা ভেতরে ঢুকতে বাধা দিয়েছিলেন।