বিএনপিকে ভালোবেসে সাধারণ মানুষের বিশ্বাস ভূলুণ্ঠিত হওয়ার পথে: অসিফ

বিএনপিকে ভালোবেসে সাধারণ মানুষের বিশ্বাস ভূলুণ্ঠিত হওয়ার পথে: অসিফ

ছবি: সংগৃহীত

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সমসাময়িক ইস্যুতে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি। এবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মন্ত্রী-এমপিদের পরিবারতন্ত্র এবং রাজপথের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী। 

আসিফ আকবর লেখেন, ‘যারা এমপি মন্ত্রী হয়েছেন, তারা আন্দোলন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। তাদের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই আর্থিক খাতের উৎস অবশ্যই খোঁজা যাবেনা (ব্যতিক্রম অনেকেই আছেন)। বাংলাদেশের রাজনীতি নিজেই টাকশাল, এখানে প্রশ্ন চলবেনা।’ নেতাদের সন্তানদের রাজনীতিতে আগমন ও সিন্ডিকেট রাজত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মন্ত্রী এমপি হয়ে সন্তানদের বিদেশ থেকে দেশে নিয়ে আসবেন, বলবেন দেশের জন্য জীবন উৎস্বর্গ করো। তারা বিভিন্ন সিন্ডিকেটে ঢুকে যাবে বানের পানির মত, লুটে নিবে বাংলাদেশের ঐশ্বর্য্য, পাচার করে দিবে বিদেশে। এবার মন্ত্রী এমপিদের স্ত্রী, ভাই, বোন, বোনজামাই, নাতি পুতি জ্ঞাতি গুষ্টিসহ বিভাগ জেলা উপজেলা থানা ইউনিয়নের পদ পদবী এবং তদসংশ্লিষ্ট কর্মীগুলো খাবেন।’

পরিবারতন্ত্রের ভিড়ে দলের তৃণমূল কর্মীদের করুণ দশা তুলে ধরে গায়ক লেখেন, ‘সারাজীবন দলের জন্য খাটা কলুর বলদগুলো শক্ খাবে প্রথমে, তারপর গোলামীর রক্তে উদ্বুদ্ধ হয়ে চাটার দলের পিছে আমার ভাই আমার অভিভাবক বলে আবারও মিছিলে থাকবে। এটা একটা ঔপনিবেশিক চেইন, এদেশের মানুষ এগুলো পছন্দ করে বলেই রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে বলদ।’

বিগত আন্দোলনের প্রসঙ্গ টেনে বেগম খালেদা জিয়ার একটি কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় আঁতাত করে চলা বিএনপি শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে বেগম জিয়া বলেছিলেন— দলে এত বড় বড় নেতা, কাউকে তো আন্দোলনে পাওয়া যায় নাই! খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই— এসব শ্লোগান তোমরা আর দিবেনা।’

পটপরিবর্তনের পর দলের ত্যাগী কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছে। আসিফের কথায়, ‘সচিবালয় থেকে শুরু করে চতূর্দিকে এখন শুধু বিএনপি আর বিএনপি, ভোজভাজির মত মূহুর্তেই পাল্টে গেল পরিস্থিতি। তাঁদের ভীড়ে হারিয়ে গেছে দলের জন্য সর্বস্ব ত্যাগ করা কর্মীগুলো, লণ্ডভণ্ড হয়ে গেছে তাদের পারিবারিক ও সামাজিক জীবন। শহীদ জিয়ার পরিবার এবং বাংলাদেশী জাতীয়তাবাদকে ভালোবেসে সাধারণ মানুষের ত্যাগ এবং বিশ্বাস ভূলুণ্ঠিত হওয়ার পথে।’

সবশেষে দলকে সতর্ক করে আসিফ আকবর লেখেন, ‘সবধান হওয়ার সময়ও পেরিয়ে যাচ্ছে দ্রুত, হানিমুন পিরিয়ড কাটিয়ে সামনের ঘোর অমানিশা মোকাবেলার সক্ষমতা টিকিয়ে রাখতে পারবেনা স্যুটেড বুটেড বূর্জোয়ার দল, আবারও পালিয়ে যাবে সদ্য অতীত উদাহরনের মত। বারংবার-এর খপ্পরে রয়ে যাবে অভিভাবকপ্রিয় কলুর বলদগুলো। ভালবাসা অবিরাম।’