চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত
অবশেষে কাটল সব জল্পনা-কল্পনা। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। নির্বাচনের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেবেন দেশের রূপালি পর্দার শিল্পীরা।
গত সোমবার (১৮ মে) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির বর্তমান সভাপতি ও ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
তফসিল ও প্রস্তুতি প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘আমি সবসময় সঠিক সময়ে সঠিক কাজ করার পক্ষে। সমিতির মেয়াদ শেষ হয়েছে, তাই দেরি না করে দেশে ফিরে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক, সেটা চাইনি। আজকের সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথেই এফডিসি বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। শুরু হয়ে গেছে প্যানেল গঠন ও ভোটের নানা হিসাব-নিকাশ। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জোর প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে তাদের বিপরীতে শক্তিশালী আরেকটি প্যানেল নিয়ে মাঠে নামছেন অভিনেতা শিবা শানু ও চিত্রনায়ক জয় চৌধুরী। দুই পক্ষের লড়াইয়ে এবার জমজমাট এক নির্বাচনের আভাস পাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের দুই বছরের মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পর থেকে এফডিসির ভেতরে-বাইরে নতুন নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা চলছিল। সোমবারের সভার পর সেই সব আলোচনার অবসান ঘটিয়ে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হলো।