যুদ্ধ বন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা

সংগৃহীত ছবি

চলমান সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে একটি সংশোধিত ১৪ দফার নতুন শান্তি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের এই নতুন শান্তি প্রস্তাবের পর এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অনুরোধে তেহরানের ওপর নির্ধারিত সামরিক হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

সোমবার (১৮ মে) ট্রাম্প জানান, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য তাদের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর এখন ‘খুব ভালো সম্ভাবনা’ তৈরি হয়েছে। তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছেন, ইরান যদি কোনো গ্রহণযোগ্য চুক্তিতে না আসে, তবে যে কোনো মুহূর্তে তাদের ওপর বড় ধরনের পূর্ণাঙ্গ হামলা চালানো হবে। 

যুদ্ধ শুরু হওয়ার ছয় সপ্তাহ পর, গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে সংঘাত অনেকটাই কমেছে, কিন্তু স্থায়ী শান্তি চুক্তি এখনো অধরাই রয়ে গেছে। এর মধ্যেই সোমবার সৌদি আরব জানিয়েছে, তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগের দিনই সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা হয়েছিল। শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার মাঝেই এই ড্রোন হামলার ঘটনাগুলো নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

হামলা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে লিখেছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি মঙ্গলবারের নির্ধারিত হামলাটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে তিনি প্রতিরক্ষামন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ইরানের ওপর বড় আকারের হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।

ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনা

পরিকল্পনার বিস্তারিত ও পারষ্পরিক দাবি ইরানের নতুন ১৪ দফা পরিকল্পনার সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা না হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরান মূলত তাদের বিদেশে আটকে থাকা টাকা ফেরত ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া, ইরান তাদের ওপর হওয়া হামলার ক্ষতিপূরণ, মার্কিন নৌ-অবরোধের অবসান ও লেবাননসহ সব জায়গায় যুদ্ধ বন্ধের দাবি তুলেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ও হরমুজ প্রণালির ওপর থেকে অবরোধ তুলে নেয়। 

যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের প্রধান কারণ

ইউরেনিয়ামের মজুত: যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। কিন্তু ইরান তা সরাসরি দিতে রাজি নয়, তবে রাশিয়ার কাছে এই মজুত জমা রাখার একটি প্রস্তাব তারা বিবেচনা করছে।

হরমুজ প্রণালি ও তেলের বাজার: গত মার্চ থেকে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা এই পথ দিয়ে যাওয়া জাহাজের ওপর ট্যাক্স বা টোল বসাতে চায়। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ দিয়ে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম বাড়ছে।

আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী: মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী (যেমন—ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ) নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি রয়েছে। তবে এই বিষয়টি আলোচনার পরবর্তী ধাপের জন্য তুলে রাখা হয়েছে।